বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল বিভাগে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। হামে আক্রান্ত হয়ে ১ দিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশুর একজন তূর্জ বল্লভ। ছয় মাসের এই শিশুর বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। অপরজন হুমায়েরা, তার বয়স চার মাস। বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম রোগের চিকিৎসা নিয়েছে প্রায় ১৫ হাজার ৮১৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৯৫২ জন। চলতি বছরে বিভাগের ছয় জেলায় বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯। আর হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ শিশু। বিপুলসংখ্যক শিশুর আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনয়েম সাদ বলেন, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। হাম মোকাবিলায় টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
