Logo
Logo
×
   

সারাদেশ

মাদক ও ওয়াকিটকিসহ আ.লীগ নেতা গ্রেফতার

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পিএম

মাদক ও ওয়াকিটকিসহ আ.লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী অভিযানে আচমিতা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তার কাছ থেকে একটি চায়না খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, ৮টি মোবাইল ফোন, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে গোলাপ মিয়ার হার্ডওয়্যার দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

দণ্ডপ্রাপ্ত গোলাপ মিয়া আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, বানিয়াগ্রাম বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী এবং বানিয়াগ্রাম গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপ মিয়ার হার্ডওয়্যার দোকানে পুলিশের একটি দল প্রায় চার ঘণ্টা অভিযান চালায়। এ সময় একটি চায়না খেলনা পিস্তল, দুটি অকেজো ওয়াকিটকি, পাঁচ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে গোলাপ মিয়াকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লাবনী আক্তার তারানা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে গোলাপ মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, বানিয়াগ্রাম বাজার থেকে একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, পাঁচ পিস ইয়াবা ও মাদক ব্যবহারের সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম