ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের (কামরাঙ্গা) বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিনেতা ফজলুর রহমান বাবু কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগে সোমবার বাড়িটিতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান এই অভিনেতা। পরে থানা পুলিশকে অবগত করেন।
থানায় সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা গেছে, পুরো পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝে-মধ্যেই ফরিদপুর শহরের এই বাড়িতে ছুটে আসেন ফজলুর রহমান। কামরাঙ্গা নামক এই বাসভবনের চারদিকে প্রাচীর রয়েছে এবং ভেতরে একটি দোতলা ভবনসহ বাগানও রয়েছে।
ফজলুর রহমান বাবু জানান, এটি আমার জন্মস্থান, মাঝে মধ্যেই ছুটে আসি। মাসে দুই-একবার আসা হয়। গত ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশকিছু মালামালও নেই।
তিনি আরও জানান, সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গেছে, যা দুঃখজনক। আর যারা চুরি করছে তারা মূলত মাদকসেবী, নেশার টাকা জোগানের জন্য বিভিন্ন বাসা বাড়িতে চুরি করে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক মো. মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
