Logo
Logo
×
   

সারাদেশ

জাল দলিলের অভিযোগে কোটালীপাড়ায় ১ মাসে ৪ দলিল লেখক সাময়িক বহিষ্কার

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

জাল দলিলের অভিযোগে কোটালীপাড়ায় ১ মাসে ৪ দলিল লেখক সাময়িক বহিষ্কার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল কাগজপত্র দিয়ে দলিল লেখার অভিযোগে গত ১ মাসে ৪ জন দলিল লেখককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সাময়িক বহিষ্কৃত দলিল লেখকরা হলেন, সোনাটিয়া গ্রামের কাসেম শাহের ছেলে মো. মনিরুজ্জামান শাহ, পাখরপাড় গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে শুক্রাচার্য মন্ডল, বংকুরা গ্রামের নেহাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন শেখ এবং কাঠি গ্রামের নিজামুল হকের ছেলে মিজানুর রহমান বুলবুল শেখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মো. মনিরুজ্জামান শাহ ও শুক্রাচার্য মন্ডল দুটি দলিল নিবন্ধনের জন্য দাখিল করেন। দলিলের সঙ্গে দেওয়া কাগজপত্র দেখে সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করেন। তদন্তে দলিল দুটির সঙ্গে থাকা কাগজপত্র জাল বলে প্রমাণিত হলে ওই দুই দলিল লেখককে সাময়িক বহিষ্কার করা হয়।

এর আগে চলতি আগস্ট মাসের ৭ তারিখে জাল দলিল লেখার অভিযোগে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুল শেখকেও সাময়িক বহিষ্কার করা হয়।

সংশ্লিষ্ট ৪ দলিল লেখককে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না,এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কৃত দলিল লেখক মো. মনিরুজ্জামান শাহ বলেন, দাতা-গ্রহীতারা দলিল ও পর্চার কাগজপত্র নিয়ে আমার কাছে দলিল করার জন্য আসেন। নিয়ম মেনেই আমি কাগজপত্র প্রস্তুত করে সাব-রেজিস্ট্রারের কাছে জমা দিই। পরে তিনি ভায়া দলিল ও দাখিলা জাল বলে জানান। এ ঘটনায় আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি এরই মধ্যে নোটিশের লিখিত জবাব দিয়েছি।

অন্যদিকে, বহিষ্কৃত দলিল লেখক শুক্রাচার্য মন্ডলের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

স্থানীয় একাধিক ব্যক্তি ও কয়েকজন দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কিছু দলিল লেখক দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জাল দলিল তৈরির সঙ্গে জড়িত।

তাদের দাবি, এ কাজে অফিসের একটি চক্রও জড়িত থাকতে পারে। এর ফলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। তারা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দলিল রেজিস্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপনের কারণে মো. মনিরুজ্জামান শাহ ও শুক্রাচার্য মন্ডলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পূর্বে ২ দলিল লেখক সাময়িক বহিষ্কার করা হয়েছে এরা হলেন নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুল। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম