মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী থানা হেফাজতে
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাদ্রাসায় পড়াশোনা কম করায় শিক্ষকদের মারধরের ভয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরীকে (১৪) উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে সিরাজদিখানের খাসমহল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা থেকে তিন কিশোরী একসঙ্গে পালিয়ে ফরিদপুর চলে আসে।
পালিয়ে আসা কিশোরীরা হলো- নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব জাজিরা এলাকার রফিকুল ইসলামের মেয়ে রোজা (১৪), মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কংসুপুরা এলাকার আলামিনের মেয়ে তানহা (১৪) এবং একই এলাকার হানিফ মিয়ার মেয়ে লামিয়া (১৪)।
জানা গেছে, পড়াশোনা কম করায় মাদ্রাসার শিক্ষকদের মারধরের ভয়ে তিন কিশোরী মাদ্রাসা থেকে পালায়। পরে সিরাজদিখান বাসস্ট্যান্ড থেকে ফরিদপুরগামী একটি অজ্ঞাতনামা গাড়িতে ওঠে ফরিদপুর নেমে পড়ে। সেখান থেকে অটোরিকশাযোগে কানাইপুর এলাকায় গিয়ে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতে থাকে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তিন কিশোরীকে আটক করে। পরে বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, কিশোরীদের অধ্যয়নরত মাদ্রাসায় খবর পাঠানো হয়েছে। তাদের স্বজনেরা এলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

