ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় নদীর ঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ভাঙ্গা পৌরসদরের দুধ বাজার এলাকায় নদীর ঘাটে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, ভাঙ্গা বাজার চালপট্টি হরিমন্দির যুব সংঘ ও কুমারপট্টি তরুণ সংঘের উদ্যোগে কিছুটা দূরত্বে অবস্থিত দুটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে প্রথমে হরিমন্দির যুব সংঘের লোকজন প্রতিমা বিসর্জন দিতে নদীর ঘাটে যান। কিছুক্ষণ পর কুমারপট্টি তরুণ সংঘের লোকজনও সেখানে যান।
এ সময় তরুণ সংঘের একটি প্রতিমা রাস্তার ওপর রাখা হলে হরিমন্দিরের সভাপতি স্বপন দাস তাদের প্রতিমাটি সরিয়ে রাখতে বলেন। জবাবে তরুণ সংঘের সভাপতি সুব্রত রায় বলেন, সরকারি রাস্তার ওপর প্রতিমা রাখা হয়েছে, তাই তা সরানোর প্রয়োজন নেই। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে কুমারপট্টি তরুণ সংঘের ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে হরিমন্দির যুব সংঘের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে হরিমন্দির যুব সংঘের সভাপতি তপন দাসসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় হরিমন্দিরের সভাপতি স্বপন দাস বলেন, আমিসহ আমার স্ত্রী, ভাই ও আমাদের ১০ জন লোক আহত হয়েছেন। সামান্য ঘটনা নিয়ে তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হয়। এ ঘটনার বিচার দাবি করছি।
তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করা হয়। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6ada035e2a6b8.jpg)