ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের
Advertisement
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম
মো. ফরহাদ শেখ
|
ফলো করুন |
|
|---|---|
জীবিকার তাগিদে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারীর যুবক মো. ফরহাদ শেখ (৩৫)। শ্রমিকের কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক রেল দুর্ঘটনায়।
চট্টগ্রামে রেললাইনের ওপর ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি বোয়ালমারীর চুকিনগরে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে শোকাতুর পরিবেশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় রেললাইনের আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে ফরহাদের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ফরহাদ শেখ বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. সোহরাব শেখের ছেলে। পরিবারের জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সদস্য শহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে আমবাগান এলাকায় রেললাইনের পাশের একটি হোটেলে নাস্তা শেষে রেললাইন ধরে হাঁটছিলেন ফরহাদ। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা ভেঙে যায়। মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা পরিচয়পত্র ও মোবাইলের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে স্বজনরা চট্টগ্রামে গিয়ে ওই রাতেই মর্গে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
