Logo
Logo
×
   

সারাদেশ

পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এএম

পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উলটে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দুর্ঘটনায় এসআইসহ আহত হয়েছেন অন্তত ৯ জন।

বৃহস্পতিবার মাদারীপুর-শরীয়তপুর সড়কের খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় ছয় স্থানে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে গাইবান্ধায় মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহ ও রাজবাড়ীতে দুই যুবক, পটুয়াখালীতে ব্যবসায়ী, মৌলভীবাজারে টমটমচালক এবং গাজীপুরে বৃদ্ধ রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ 

কালকিনি-ডাসার ও টেকেরহাট (মাদারীপুর) : নিহত কনস্টেবল আব্দুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভ‚ঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে চার আসামি ধরে পিকআপে শিবচর থানায় নেওয়া হচ্ছিল। পিকআপটি মঠেরবাজার এলাকায় পৌঁছালে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে পিকআপে থাকা কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক, কনস্টেবল সোহেল মাতুব্বর, শামীম মিয়া, হাসান হোসেন ও কনস্টেবল শরীফুল ইসলাম। এছাড়া দুর্ঘটনায় চার পথচারীও আহত হয়েছেন। 

গাইবান্ধা : সাদুল­াপুরে বৃহস্পতিবার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানী নিহত হয়েছেন। তিনি শিশুপুত্রকে স্কুলে দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। অন্যদিকে পলাশবাড়িতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক মাসুদ রানা নিহত হয়েছেন। সকালে উপজেলার সাকোয়া ব্রিজসংলগ্ন মাঝিপাড়ায় মাইক্রোচালক মাসুদ দুর্ঘটনার কবলে পড়েন। 

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে ট্রাকচাপায় যুবক ইমাম হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

পটুয়াখালী : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় ব্যবসায়ী আতিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতিক সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা। তিনি আশরাফ হাওলাদারের ছেলে। 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় টমটমচালক আব্দুল মান্নানের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পরিবার নিয়ে সিন্দুরখান রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

রাজবাড়ী : কালুখালীতে পাটবোঝাই ভ্যানের ধাক্কায় যুবক সিরাজুল শেখের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমীরপুর গ্রামের শুকুর আলী শেখের ছেলে। 

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ ইউনূস আলীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন। উপজেলার হিজলতলী এলাকায় বৃহস্পতিবার ভোরে সড়ক পারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম