Logo
Logo
×
   

সারাদেশ

ছেলের মৃত্যুর একদিন পর মায়ের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

ছেলের মৃত্যুর একদিন পর মায়ের মৃত্যু

পটুয়াখালীতে ছেলের মৃত্যুর এক দিন পর মা আলম আরা খান মারা গেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মারা যান তার ছেলে মুশফিকুর রহমান খান মামুন।

আলম আরা খান পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল রোড এলাকার প্রয়াত অ্যাডভোকেট আশরাফ আলী খানের স্ত্রী এবং প্রয়াত মুশফিকুর রহমান খান মামুনের মা। আলম আরা খান গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা চিকিৎসক মরহুম মোয়াজ্জেম হোসেন খানের চতুর্থ মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মুশফিকুর রহমান খান মামুন। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা আলম আরা খান। পরে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুশফিকুর রহমান মামুন খানের একমাত্র পুত্র মুছাব্বির আলী খান বলেন, আমার দাদি গত এক সপ্তাহ ধরে বার্ধক্যজনিত সমস্যা নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হাসপাতাল থেকে দাদির সংকটাপন্ন অবস্থার খবর আসে। তখন মা ও আমাকে নিয়ে বাসা থেকে বের হন বাবা। কোনো বাহন না পেয়ে হেঁটে হাসপাতালের দিকে রওনা হই আমরা। পথে সোনালী ব্যাংক মোড় এলাকায় বাবা হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বাবাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর রহমান।

একদিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাদের মৃত্যুতে গার্লস স্কুল রোড এলাকাতেও শোকের পরিবেশ বিরাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম