Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

‘ডিভোর্সি’ মায়ের সঙ্গে দেখা করায় কিশোরীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

‘ডিভোর্সি’ মায়ের সঙ্গে দেখা করায় কিশোরীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রতীকী ছবি

Advertisement

পটুয়াখালীর বাউফলে ডিভোর্স হওয়া মায়ের সঙ্গে দেখা করায় এক কিশোরীকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার দাদা ও চাচার বিরুদ্ধে। নির্যাতনের সময় ধারণ করা ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। তবে নির্যাতনের ওই ভিডিওটি কবে কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওই কিশোরীর বাবা ঢাকায় একটি দোকানে চাকরি করেন। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের পর দুই মাস আগে কিশোরীর মায়ের সঙ্গে তার বাবার বিবাহবিচ্ছেদ হয়।

সম্প্রতি বাউফল পৌর শহরের একটি রেস্তোরাঁয় গিয়ে ডিভোর্সি মায়ের সঙ্গে দেখা করেন ওই কিশোরী। বিষয়টি জানতে পেরে তার ওপর চড়াও হন দাদা আব্দুল হাকিম ও চাচাতো চাচা ছালাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগীকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে।

কিশোরীর ওপর এমন নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। অবশ্য অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ভিডিও দেখেছি। তদন্ত চলছে। শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম