আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুটের অভিযোগ, অতঃপর...
Advertisement
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় ভাড়া বাসায় ঢুকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করেছেন এ কনটেন্ট ক্রিয়েটর। স্থানীয় সাইদুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন রাহী। তার দাবি, ৫ থেকে ৬ জন লোক নিয়ে এসে ওই ব্যক্তি বাসার এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাহী তার ভাড়া বাসায় এসে এমন দৃশ্য দেখতে পান। পরে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেনন। তবে এ ব্যাপারে ভবনের কেয়ারটেকার রাহীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভাড়া না দেয়া এবং বাসা না ছেড়ে মালামাল নিয়ে যাওয়ার ব্যাপার উল্লেখ করে।
রাহী জানায়, সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’ নামের একটি বাসায় প্রায় দুই মাস আগে ভাড়া নেন। তার সঙ্গে তার স্ত্রীও সেখানে থাকতেন। তবে প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে রাহী গ্রামের বাড়িতে চলে যান। এরপর থেকে বাসাটি কার্যত ফাঁকা ছিল বলে জানায় তিনি। ‘সাইদুল নামে একজন স্থানীয় ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে আমার বাসার সব মালামাল নিয়ে গেছেন। এর মধ্যে এসি, ফ্রিজ, খাট, রান্নাঘরের চুলা, স্বর্ণের গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।’
তার অভিযোগ, মালামাল নিয়ে যাওয়ার আগে সাইদুল তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। রাহী বলেন, ‘সাইদুল আমাকে বলেছিলেন, কিছু লোকজন এসে আমাকে খোঁজাখুঁজি করছে। তিনি দ্রুত তার সঙ্গে দেখা করতে বলেন।’
রাহী আরও বলেন, ‘আমি প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে চলে যাই। এর আগে প্রায় দুই মাস আগে এখানে বাসা ভাড়া নিয়েছিলাম। দুই মাসের ভাড়াও সময়মতো পরিশোধ করেছি। আমি স্ত্রীকে নিয়ে এখানে উঠেছিলাম। আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমি গ্রামের বাড়িতে যাওয়ার পর তিনিও আর এখানে থাকেননি।’
রাহীর ভাষ্য অনুযায়ী, সাইদুল নামে ঐ ব্যক্তিকে তিনি চেনেন না। শুধু একদিন তার সাথে কথা হয়েছিল। তিনি বাসায় না থাকার সুযোগে ওই ব্যক্তি লোকজন নিয়ে এসে মালামাল সরিয়ে নিয়ে যান। তবে কী কারণে সাইদুল তার বাসার মালামাল নিয়ে গেছেন, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ ব্যাপরে আমরা পালটা পালটি অভিযোগ পেয়েছি। অভিযোগ দুটি তদন্ত করা হচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক অলিউল্লাহ জানায়, এ ব্যাপারে পালটাপালটি আমরা অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। ভবনের কেয়ারটেকার শামীমও এব্যাপারে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানায় উপ-পরিদর্শতক অলিউল্লাহ।
শামীম অভিযোগে উল্লেখ করেছেন, রাহীর কাছ থেকে ভাড়া বাবদ ২৪ হাজার টাকা তারা পাওনা রয়েছেন। ঐ টাকা চাইতে গেলে রাহী তাদেরকে হুমকি দেয়। এরমধ্যে তিনি বাসা না ছেড়ে মালামাল নিয়ে গেছে। কিন্তু এখন উল্টো অভিযোগ করছেন মালামাল লুটের।
