জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি
চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ এএম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দ্বিতীয় দিনেও গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য অব্যাহত রয়েছে। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দ্বিতীয় দিনেও গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য অব্যাহত রয়েছে। বিআরটিএ অনুমোদিত নতুন ভাড়ার তালিক প্রকাশ হওয়ার আগেই পরিবহন শ্রমিকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। নগরীর বিভিন্ন রুটের পাশাপাশি জেলার দূরপাল্লার রুটেও অস্বাভাবিক ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
এদিকে জ্বালানি তেলের নতুন যে মূল্য বৃদ্ধি করা হয়েছে সেটিকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে মূল্যবৃদ্ধির এই হার পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ কভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।
সংগঠনের মহাসচিব চৌধুরী জাফর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয়েছে, তেলের দাম বাড়ায় পণ্য পরিবহন ব্যয় অনিবার্যভাবে বাড়বে এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দামও বেড়ে যাবে।
সোমবার রাতে পাঠানো এই বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুধু জ্বালানি খাতের হিসাব নয়; পণ্য পরিবহন, শিল্প-বাণিজ্য, বাজারমূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের হিসাবটিও বিবেচনা করা জরুরি।
বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দেশের পণ্য পরিবহন খাতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভারের পরিচালন ব্যয়ের বড় একটি অংশ জ্বালানি তেলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে জ্বালানির দাম বাড়লে পণ্য পরিবহন ব্যয়ও অনিবার্যভাবে বাড়বে। পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পেলে পণ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ ব্যয়ও বাড়বে এবং এর চাপ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর পড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। নতুন দরে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারের ওপর ২০ টাকা করে বাড়ানো হয়েছে। রাতে মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সোমবার সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য শুরু হয়।

