কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে বদলি
Advertisement
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলির আদেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আদেশের কপি কুড়িগ্রাম পৌঁছায়।
জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তি চলমান থাকায় তাকে শাস্তিমূলক এই বদলি করা হয়েছে বলে জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে। তাকে ২৩ সেপ্টেম্বর বিকালের আগে বদলিকৃত কর্মস্থলে (ঝিনাইদহ) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় তিনি ২৪ সেপ্টেম্বর দুপুরের আগে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। তার স্থলে নতুন উপ-পরিচালক হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে বদলি ও পদায়ন দেওয়া হয়েছে।
বদলির আদেশের তথ্য নিশ্চিত করে বিদায়ী উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।
কুড়িগ্রাম কৃষি অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, সদ্য বদলি হওয়া উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন।
