বলেশ্বর নদীতে গরু নিয়ে কুমির ও মানুষের লড়াই, জিতল কে
Advertisement
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
গরু টেনে নিয়ে যাচ্ছিল কুমির
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীতে গরুকে কুমির টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় মানুষের সঙ্গে কুমিরের লড়াই হয়েছে। লড়াইয়ে পরাস্ত কুমির গরুটি ছেড়ে দিয়ে পানির নিচে চলে যায়।
সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার বগী গ্রামসংলগ্ন বলেশ্বর নদীর চরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বগী গ্রামের পুতুল বেগমের একটি গরু বলেশ্বর নদীর চরে ঘাস খেতে যায়। নদীতে জোয়ার এলে গরুটি সাঁতরে ছোট খাল পার হওয়ার সময় আকস্মিক একটি কুমির গরুটির পেছন দিকে কামড়ে ধরে নদীর দিকে টেনে নিতে থাকে। এ সময় গরুটি চিৎকার-চেঁচামেচি করতে থাকে। ঘটনাস্থলের অদূরে নদীতে মাছ ধরারত জেলেরা ঘটনাটি দেখে দ্রুত এগিয়ে আসেন। জেলেরা গরুটির গলায় দড়ি প্যাঁচিয়ে কিনারের দিকে টানতে থাকেন। অনেকক্ষণ মানুষ আর কুমিরের টানাটানি হয়। অবশেষে কুমির গরুটি ছেড়ে দিয়ে পানির নিচে ডুব দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গরুর মালিক হতদরিদ্র নারী পুতুল বেগম বলেন, কুমিরের আক্রমণে তার গরু গুরুতর জখম হয়েছে। উঠে দাঁড়াতে পারছে না। স্থানীয় পশু চিকিৎসককে দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন কী হয় বলা যাচ্ছে না। এই গরুটিই তার একমাত্র সম্বল বলে জানান পুতুল বেগম।
