কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এমএম হাসান
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
অধ্যাপক ডা. এম এম হাসান।
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এমএম হাসান। তিনি কুমেকের ইউরোলজি বিভাগের প্রধান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. এমএম হাসানকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
জানা গেছে, অধ্যাপক ডা. এমএম হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি এমবিবিএস ও এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেছেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে তিনি। চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ড্যাবের সঙ্গেও যুক্ত ছিলেন এ চিকিৎসক।
অধ্যাপক ডা. এমএম হাসান মাসুম বলেন, নিজের সবটুকু মেধা এবং শ্রম দিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, চিকিৎসা শিক্ষা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।
