জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের জাজিরায় বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল চলাকালে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে জাজিরা থানার পুলিশ। মিছিলের ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল হয়।
ভিডিওতে জাজিরা বিকেনগর কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। এর মধ্যে- শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগানও রয়েছে। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা যায়।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও জাজিরার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা গেছে। এসব কর্মসূচির ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে জাজিরার বিভিন্ন এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, বিকেনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল চলাকালে আল-আমিন ঢালী নামের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
