নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধায় এক নারীর গোসলের ছবি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১৫ লাখ টাকা দাবির অভিযোগে জাহাঙ্গীর হাসান (৩৬) নামে এক যুবককে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে এসআরবি-১৩।
বুধবার এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সাংবাদিকদের লিখিতভাবে এ তথ্য জানান।
গ্রেফতার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মোখলেচুর রহমানের ছেলে।
ভুক্তভোগী নারীর স্বামী সাইফুল আলম (৫২) গাইবান্ধা সদর থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, জাহাঙ্গীর তার স্ত্রীর গোসলের ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। পরে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
এজাহারের বরাতে এসআরবি জানায়, ওই নারীর ছবির সঙ্গে তার স্বামীর ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দেওয়া হয়। গত ৩ জুলাই দুপুরে ওই নারীর মোবাইল ফোনে কল করে ১৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে আরও অশ্লীল ছবি ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাইফুল আলম গত ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবির গোয়েন্দা তৎপরতা চলছিল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এবং এসআরবি-১-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঢাকার উত্তরা থেকে জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করেন।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জাহাঙ্গীর হাসানকে বুধবার গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
