দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের
Advertisement
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা লেগে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন—বাসের সুপারভাইজার মিনাল (২৫)। তবে নিহত অপর যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ‘যমুনা এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পৌলি এলাকায় পৌঁছালে আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশের একটি দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনে থাকা সুপারভাইজার এবং এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আহত হন আরও তিনজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

