সাপের কামড় কিনা বুঝতে পারেননি চিকিৎসক, মারা গেল মাদ্রাসাছাত্র
Advertisement
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম
মোহাম্মদ জিহাদ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ওই মাদ্রাসাছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সাপের কামড়ের বিষয়ে বুঝতে পারেননি। ফলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জিহাদ উপজেলার চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে প্রবেশের সময় জিহাদকে কোনো কিছু কামড় দেয় বলে তিনি বুঝতে পারেন। তবে অন্ধকারে কী কামড় দিয়েছে, তা দেখতে পাননি। পরে তার শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান স্বজনরা। এ ঘটনার পর বাড়ির আঙিনায় একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে মেরে ফেলেন।
পদুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী জানান, ঘটনাস্থলটি পাহাড়ি এলাকায় অবস্থিত। সাপের কামড়ের সন্দেহে প্রথমে এক ওঝাকে ডাকা হয়। পরে জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, তাকে কামড় দেওয়া সাপটি বিষধর গোখরা ছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা বলেন, জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার শরীরে সাপের কামড়ের সুনির্দিষ্ট লক্ষণ দেখতে পাননি। এ কারণে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত না হয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত না হলে অ্যান্টিভেনম প্রয়োগের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও বিবেচনায় নিতে হয়। এ কারণে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন।
