সাজেকে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
সাজেকে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পাঁচ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়।
২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় তাদের এ অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে সংগঠন দুটির লোকজন সাজেকের হাজাছড়া, ১০ নম্বর গঙ্গাবাজার ও ১৪ কিলোমিটারসহ বিভিন্ন এলাকায় সড়কে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে অবরোধ করেন এবং বিকালে সাজেক মাচালঙ চাপ্পাতুলি এলাকায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয় বলে জানা গেছে।
জানা যায়, অবরোধের কারণে এদিনও সকাল থেকে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ রয়েছে সাজেক পর্যটন কেন্দ্র। ফলে এলাকার লোকজন চরম ভোগান্তির মধ্যে রয়েছেন, পর্যটকশূন্য রয়েছে সাজেক পর্যটন কেন্দ্র। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ২২ অক্টোবর শান্তিপূর্ণ অবরোধ চলাকালে নিরীহ জনগণের ওপর হামলার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, উজোবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়া এবং বাজার এলাকা থেকে সেনা ও পুলিশ সদস্যদের প্রত্যাহার করা, হামলায় আহত ব্যক্তিদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় প্রশাসনকে বহন করা, সাজেক থেকে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়া, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জুলুম বন্ধে ব্যবস্থা নেওয়া এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেফতার, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি এবং হয়রানি বন্ধ করা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানিয়েছেন, কয়েকটি মোটরসাইকেল চলাচল করছে। সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
