গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Advertisement
গাইবান্ধা ও সাঘাটা প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধা জেলা ছাত্রদলের ১১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ঘোষিত কমিটিতে শহীদুজ্জামান সরকার শাহীনকে আহ্বায়ক এবং ওয়ালিদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমাম হাসান আলাল। কমিটিতে ৫৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৫৭ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল। এর আগে বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক আইডিতে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ১১৫ সদস্যের তালিকা প্রকাশ করেন।
এর আগে গত ২৪ অক্টোবর দলীয় প্যাডে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত চিঠিতে গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটির সাতজনকে বহাল রেখে আরও ১০৮ জনকে অন্তর্ভুক্ত করে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল বলেন, মে মাসে ঘোষিত সাত সদস্যের আহ্বায়ক কমিটির সঙ্গে নতুন করে ১০৮ জনকে যুক্ত করে ১১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ কমিটি ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী কমিটিতে আরও সদস্য সংযুক্ত হতে পারেন বলেও জানান তিনি।
এদিকে গাইবান্ধা জেলা ছাত্রদল একটি পৌরসভা ও পাঁচটি উপজেলা শাখাসহ মোট ছয়টি শাখা কমিটির অনুমোদন দিয়েছে। গত ২০ অক্টোবর দলীয় প্যাডে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলাল ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পাওয়া শাখাগুলো হলো—গাইবান্ধা সদর উপজেলা ছাত্রদল, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদল, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদল, সাঘাটা উপজেলা ছাত্রদল, ফুলছড়ি উপজেলা ছাত্রদল ও গোবিন্দগঞ্জ পৌরসভা ছাত্রদল।
জেলা ছাত্রদলের অনুমোদিত নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শাখা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে প্রতিটি শাখায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং একসঙ্গে ছয়টি শাখা কমিটির অনুমোদনের মধ্য দিয়ে জেলার সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা ও পৌর পর্যায়ে সংগঠনকে সক্রিয় করা, তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করা এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা এবং গোবিন্দগঞ্জ পৌরসভায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অনুমোদিত কমিটিগুলো দায়িত্ব পালন করবে। আগামী ৩০ দিনের মধ্যে শাখাগুলোর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে সংগঠনের কাঠামো আরও বিস্তৃত হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং উপজেলা ও পৌর শাখাগুলোর কমিটি অনুমোদনের বিষয়টি স্থানীয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
