কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমি হস্তান্তর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে জমির দখল হস্তান্তর করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার কেরানীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় হংকংভিত্তিক হান্ডা কোম্পানিকে ঘিরে বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ৩৬ দশমিক ৭১৮০ একর জমির দখল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অর্থনৈতিক অঞ্চলে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান হতে পারে ২৫ হাজার মানুষের।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে জমির দখল হস্তান্তর করা হয়। ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমিমালিক মো. রাশেদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হান্ডা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ‘হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেড’র মাধ্যমে কেরানীগঞ্জের নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ প্রায় ২৫ কোটি মার্কিন ডলার। এতে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। হান্ডা নিট টেক্সটাইল, কাপড় রং করা (ডাইং) ও তৈরি পোশাক উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে।
জমির দখল হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দেশে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
তিনি আরও বলেন, এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জে বিনিয়োগের পরিবেশ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
‘বেজা কর্তৃক কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ প্রকল্পের আওতায় মোট ৩৬ দশমিক ৭১৮০ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১০ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৯১৫ টাকা।

