বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ জাকারিয়া মোল্লা (৬৩) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন জাকারিয়া মোল্লা। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আরও জানান, জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি ছিলেন। তিনি ঢাকার পিলখানা বিডিআর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

