দক্ষ উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণ শুরু
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) উদ্যোগে এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) তেজগাঁওয়ে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. দেওয়ান হাসান আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে দক্ষ উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তা, ব্যবসায়িক নেতৃত্ব এবং আত্মকর্মসংস্থানের সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন। কেবল চাকরির প্রত্যাশী না হয়ে শিক্ষার্থীরা যেন নিজেদের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সম্প্রসারণ করা জরুরি।
বক্তারা আরও বলেন, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বিসিক দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উন্নয়ন, শিল্পায়নের প্রসার এবং উদ্যোক্তা সৃষ্টিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অন্যদিকে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিসিক ট্রেনিং ইনস্টিটিউট দক্ষ মানবসম্পদ তৈরি, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তর এবং উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার সঙ্গে বিসিকের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প প্রস্তাব প্রস্তুতকরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন বাস্তবমুখী বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহ প্রদান এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।

-6b0c1b4cc0a11.jpg)