‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা লুট, ৩ জন রিমান্ডে
হাতিরঝিল (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় দুই হাজার ভরি গহনা ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতার তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযোগ রয়েছে, নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ এ চুরির ঘটনা ঘটানো হয়। আসামিরা হলেন মো. আমিনুর রহমান, রিজওয়ানুল ইসলাম নাহিদ এবং গোলাম সারোয়ার।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিনুল হক আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে গ্রেফতার তিন আসামির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও মিলছে।
মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা যাচাইয়ের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
পাশাপাশি পলাতক অন্য আসামিদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারের লক্ষ্যেও তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার এজাহার ও রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজার নিচতলার ২১ ও ২২ নম্বর দোকানে পূরবী জুয়েলার্স অবস্থিত।
এর আগে গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে নিয়মিত কার্যক্রম শেষে শোরুম বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দোকানের কর্মচারী সনজিদ শীল মোবাইল ফোনে মালিক অমিত ঘোষকে জানান, শোরুমের শাটার ও কলাপসিবল গেটের ১০টি তালা কাটা এবং ভেতরের গ্লাস ডোর ভাঙা অবস্থায় রয়েছে।
এ ছাড়া ভেতরে স্বর্ণালংকার ও ডায়মন্ডের বক্সগুলো মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে ছিল।
এ ঘটনায় ২৮ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পরপরই অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে সন্দেহভাজন ওই তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

