ধানখেতের পাশে পাওয়া লাশ দুটি মাগুরখালির আলেক ও তার স্ত্রীর
Advertisement
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কেশবপুরে একটি ধানখেতের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা মাগুরখালির আলেক সর্দার ও তার স্ত্রী মাজেদা বেগম।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তার স্ত্রী মাজেদা বেগমের (৩৮) লাশ শনাক্ত করেছেন নিহতের আত্মীয়রা।
রোববার (১ নভেম্বর) বিকাল ৫টার দিকে ওসি লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী বিকাল ৫টার দিকে কপির চারা রোপণের উদ্দেশ্যে মাঠে যান। এ সময় কুদ্দুসের সেচ বোরিং ও ধানখেতের পাশের এলাকায় এক নারী ও এক পুরুষের লাশ পড়ে থাকতে দেখেন এবং গ্রামপুলিশ সিরাজুল ইসলামকে অবহিত করেন।
গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে লাশ দুটি উদ্ধার করে।
উদ্ধার করা লাশ হত্যাকাণ্ডের শিকার কিনা, ওসি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি এ ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছেন কিনা সেই বিষয়েও মন্তব্য করেননি।
এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে।
