আন্তর্জাতিক গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা যবিপ্রবি
Advertisement
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক গবেষণা ডেটাবেজ ‘স্কোপাস’-এ সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার সংখ্যার ভিত্তিতে গত তিন বছরের হিসাবে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এ তালিকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি স্কোপাসের তথ্যের ভিত্তিতে রিসার্চ হাবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। দেশের মোট ১৬৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে তৈরি এ তালিকায় শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবির অবস্থান ১৬তম।
তালিকায় পাঁচটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর স্কোর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মোট গবেষণা প্রকাশনায় ৬০ শতাংশ, মোট উদ্ধৃতিতে (সাইটেশন) ২০ শতাংশ, প্রতি গবেষণাপত্রে গড় উদ্ধৃতিতে ১০ শতাংশ, গবেষণায় আন্তর্জাতিক অংশগ্রহণের হারে ৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক এইচ-ইনডেক্সে ৫ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।
তালিকার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে যবিপ্রবির গবেষকদের মোট ১ হাজার ৩৭৪টি গবেষণা প্রকাশনা বিবেচনায় নেওয়া হয়েছে। এসব গবেষণাপত্র মোট ১৮ হাজার ৬১৯ বার উদ্ধৃত হয়েছে। প্রতি গবেষণাপত্রে গড় উদ্ধৃতির সংখ্যা ১৩ দশমিক ৬। গবেষণায় আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৫৮ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক এইচ-ইনডেক্স ৫৬।
এ বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষকদের প্রচেষ্টা ও গবেষণার প্রতি আন্তরিকতার কারণেই স্কোপাসে সূচিবদ্ধ জার্নালে গবেষণা প্রকাশনার ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থান অর্জন করতে পেরেছি আমরা। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

-6ae5d9ab9ed9b.jpg)