যশোরে ১১ দলের লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সাত দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলের যশোর লংমার্চে আড়াই লাখ মানুষের সমাগমের আশা করছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে অনুষ্ঠেয় এ লংমার্চে দেড় সহস্রাধিক যানবাহন থাকবে বলেও জানানো হয়।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং যশোর-খুলনা-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তেল নেই, গ্যাস নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রাস্তাঘাটে মানুষ পাখির মতো মারা যাচ্ছে। কোনো শৃঙ্খলা নেই, জীবনের নিরাপত্তা নেই। শত শত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ বাস্তবায়ন করছে না এই সরকার। সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
তিনি বলেন, সরকারের মেয়াদ এক বছর পূর্ণ হয়নি। অথচ মানুষ এখনই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে। এ কারণে সাত দফা দাবিকে দেশের ১৮ কোটি মানুষের দাবি হিসেবে সাধারণ মানুষ বিবেচনা করছে।
লংমার্চের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরে মোবারক হোসেন বলেন, ওই দিন বিকালে যশোরের রাজঘাট থেকে ঝিনাইদহের বারবাজার পর্যন্ত ৭০ হাজার নারী-পুরুষ রাস্তায় অবস্থান করবেন। লংমার্চের বহর শহরের মুড়লীর মোড়ে পৌঁছালে সেখানে আড়াই লাখ মানুষের গণজমায়েত হবে।
তিনি আরও বলেন, লংমার্চটি মণিহারের সামনে দিয়ে হাইকোর্ট মোড় হয়ে উপশহর-পালবাড়ি রুট ধরে কুষ্টিয়ার দিকে যাবে।
চাঁচড়া চেকপোস্ট থেকে পালবাড়ি পর্যন্ত সড়কটি উন্মুক্ত রাখা হবে বলে জানান তিনি। সাধারণ মানুষ ও যানবাহন যাতে সহজে চলাচল করতে পারে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হবে।
মোবারক হোসেন জানান, লংমার্চের বহরে ৬০০ স্বেচ্ছাসেবক, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, পানি সরবরাহের ব্যবস্থা ও সাংস্কৃতিক কর্মীরা থাকবেন। সাংস্কৃতিক কর্মীরা লংমার্চের বহরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, এনসিপির যশোরের আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব নুরুজ্জামান রিপন, রবিউল ইসলাম, শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।
