মহানগর এক্সপ্রেসে চকরিয়ায় বৃদ্ধের মৃত্যু, বোয়ালখালীতে দুমড়েমুচড়ে গেল কার
Advertisement
চকরিয়া (কক্সবাজার) ও বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
রশিদ আহমদ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে একই দিনে দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) সকালে চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং প্রায় এক ঘণ্টা পর চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষে চালক আহত হয়েছেন।
চকরিয়ায় নিহত বৃদ্ধের নাম রশিদ আহমদ (৭০)। তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া অতিক্রম করছিল। ওই সময় রশিদ আহমদ রেললাইন ধরে মেয়ের বাড়ি মছনিয়াকাটায় যাচ্ছিলেন। পেছন থেকে ট্রেন আসার বিষয়টি খেয়াল না করায় তিনি ট্রেনে কাটা পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে কক্সবাজার রেলওয়ে পুলিশের জিআরপি ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণ খিতাপচর মল্লারঘাটা এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আহত হন। তবে গাড়িতে থাকা পাঁচ মাসের শিশুসন্তানসহ এক দম্পতি প্রাণে রক্ষা পেয়েছেন।
দুর্ঘটনার পর আহত চালককে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ওই পরিবারটি চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন বলে জানা গেছে।
