প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই গ্রামের ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মাহতাব মিয়ার লোকজনের সঙ্গে একই ইউনিয়নের হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের লোকজনের সংঘর্ষ হয়।
বুধবার বিকালে দুই গ্রামের ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
