Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর

নুরুল আমিন। ছবি: সংগৃহীত

Advertisement

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের থাইংখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কয়েক মাস ধরে বাজারের দোকানপাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জেরে নুরুল আমিনকে এলোপাতাড়ি লাথি-ঘুসি মারা হয়। এতে তার মাথা ও ঠোঁটে গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি বাজারের চলাচলের রাস্তা বন্ধ করে শত শত দোকানপাটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছে। স্থানীয় সূত্রের দাবি, নুরুল আমিন ও জয়নালের নেতৃত্বাধীন বিএনপির একটি পক্ষ এসব দোকানপাটের নিয়ন্ত্রণ নিয়েছে। এ নিয়ে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। বাজারের নিয়ন্ত্রণ নিয়ে আলমগীর মার্কেট ও জয়নাল মার্কেট-সংশ্লিষ্ট পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়ে।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় নুরুল আমিনসহ কয়েকজন আলমগীর মার্কেটে গিয়ে এক রোহিঙ্গার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে ওই রোহিঙ্গাকে মারধর করে রক্তাক্ত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বাড়ে। এর কিছুক্ষণ পরই নুরুল আমিনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় কয়েকজনের পাশাপাশি রোহিঙ্গাদের একটি অংশও মারামারিতে অংশ নেয় বলে সূত্রগুলোর দাবি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুকতাগিন মাহমুদ সোহেল জানান, নুরুল আমিনের মাথায় দুটি গভীর ক্ষত এবং ঠোঁটে একটি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা গুরুতর। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন হয়েছিল।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী আলমগীর ও সরওয়ারের নেতৃত্বে এ হামলা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্নার দাবি, বাজার থেকে টাকা সংগ্রহ করে নুরুল আমিনের কাছে প্রায় ২০ লাখ টাকা ছিল। ওই টাকা ছিনিয়ে নিতেই তার ওপর হামলা করা হয়েছে। তাকে হত্যার পরিকল্পনায় আগে একটি বৈঠকও হয়েছিল বলে দাবি করেন তিনি।

এদিকে হামলার ঘটনার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ অন্তত চারটি স্থানে অবরোধ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে রাতে কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আলমগীর মার্কেট ও জয়নাল মার্কেট নামে দুটি মার্কেট রয়েছে। দীর্ঘদিন ধরে এ দুটি মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে দুটি মামলাও হয়েছে।

ওসি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় নুরুল আমিন আলমগীর মার্কেটে গিয়ে একজনের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে আলমগীরের লোকজন তাকে ব্যাপক মারধর করেন। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে ঘটনা ঘটলেও পুলিশ কোনো ধরনের অবহেলা করেনি। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

ক্যাম্প থেকে পালাচ্ছে রোহিঙ্গারা, আলীকদমে আটক ৭

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সামিটের টার্মিনাল থেকে ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

পাহাড়ে অভিযানে যৌথবাহিনী

পাহাড়ে অভিযানে যৌথবাহিনী

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

ভাড়া বাসা থেকে হোটেল সি-পার্ল কর্মীর লাশ উদ্ধার

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জামিনে মুক্ত ৬ বিদেশি, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

আরও পড়ুন

বিএনপির ৩ নেতা গ্রেফতার

বিএনপির ৩ নেতা গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে মারধর

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম