ধামরাইয়ে বাসে অগ্নিসংযোগ, পরিবহণ মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক
ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহণ মালিক ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই নাশকতামূলক কর্মকাণ্ড রোধে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহণ মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন- ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, ধামরাই অঞ্চলের ট্রাফিক ইনচার্জ ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার এবং ডি লিংক ও জনসেবা পরিবহণের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
সভায় নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, কোনো অবস্থাতেই সড়ক বা ফাঁকা জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না। কেউ যদি এ নিয়ম অমান্য করে ফাঁকা জায়গায় গাড়ি পার্কিং করে, তবে তা সরাসরি ডাম্পিং করা হবে এবং এর জন্য প্রশাসন কোনো দায় নেবে না।
জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি পরিবহণগুলো নিরাপদ রাখতে পরিবহণ মালিক ও চালকদের এ নির্দেশনা দেন তিনি।
নাশকতা এড়াতে প্রতিটি বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের উদ্যোগে সমন্বয় কমিটি গঠন করার গুরুত্ব জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের পরিবহণ বা গাড়ি ফাঁকা জায়গায় না রেখে সম্পূর্ণ নিরাপদে রাখতে হবে। সেই সঙ্গে রাতে গাড়ির সুরক্ষায় পাহারার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী দেশ ও জনগণের সম্পদ নষ্ট করার সুযোগ না পায়। শুধু পাহারা দিলেই হবে না, নিজেদেরও সর্বোচ্চ সজাগ থাকতে হবে।
