শেখ আবু তালেব
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭৫) নামে এক বিএনপি নেতাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শফিয়ার শেখকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন।
সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হামলাকারী শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনরা গুরুতর আহত আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমিটি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্যা প্রমুখ।
