যশোর সীমান্ত দিয়ে ঢুকছে ফেনসিডিলের বিকল্প মাদক
দশ মাসে ৯৮৪ মামলায় আটক ১১৮৪ * ভ্রাম্যমাণ আদালতে ১৩০৫ জনের সাজা
|
ফলো করুন |
|
|---|---|
যশোর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কঠোর নিরাপত্তার ফাঁক গলে প্রতিদিন দেশে ঢুকছে নানা মাদকদ্রব্য। সীমান্তবর্তী গ্রামের কারবারে জড়িত বাসিন্দাদের সহযোগিতায় ভারত থেকে এসব মাদক আমদানি করা হচ্ছে। রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়া থাকা গডফাদাররা মাদক ছড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে শহরের অলিগলিতে। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি আসছে ফেনসিডিলের বিকল্প উইনকোরেক্স, এস্কার্ফ সিরাপ। ফেনসিডিলের দাম চড়া হওয়ায় কম দামে বিকল্প হিসাবে এসব সিরাপ সেবন করছে মাদকসেবীরা।
যশোরের সীমান্তবর্তী শার্শা ও চৌগাছা উপজেলার সঙ্গে ১০১ কিলোমিটার ভারতীয় সীমান্ত রয়েছে। বিজিবির দুটি ব্যাটালিয়ন (২১ ও ৪৯) এই সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে বিজিবির কিছু সদস্যের সঙ্গে আঁতাত বা তাদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন শার্শার সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা কাশিপুর ও চৌগাছার মাশিলা হিজলী, আন্দুলিয়া, পাঁচপীরতলা, বর্ণি সীমান্ত দিয়ে দেশে ঢুকছে মাদকদ্রব্য। মাদক সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্র, সীমান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ৪৯ বিজিবি যশোর সীমান্তে কী পরিমাণ মাদক উদ্ধার করেছে সেই তথ্য চেয়ে একাধিক দিন যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তবে অক্টোবরে ৪৯ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, এক মাসে ২০৭ বোতল উইনকোরেক্স সিরাপ ও ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
যশোর জেলা পুলিশের তথ্যমতে, ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) ফেনসিডিল ৬৭৫ বোতল, উইনসেরক্স ১১২০ বোতল ও এস্কুর্ফ সিরাপ ৯৩৫ বোতল জব্দ করা হয়েছে। এছাড়াও গাঁজা ৯০ কেজি ২৭ গ্রাম, ৮৭ পুরিয়া ও ৬৫টি গাছ। দশ মাসে জেলায় এক হাজার ১৮৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মামলা হয়েছে ৯৮৪টি।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ১০ মাসে ১৭০৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৭৭৭ জনকে আটক করা হয়েছে। উইনকোরেক্স ও এস্কুর্ফ সিরাপ ৪৪৭ বোতল উদ্ধার করেছে। একই সঙ্গে ৭৬ কেজি ১৮১ গ্রাম গাঁজা জব্দ করেছে। ১০ মাসে জেলায় এক হাজার ৩০৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকসেবীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে সংক্ষিপ্ত বিচারিক আদালত বা সামারি ট্রায়ালে সোপর্দ করছে পুলিশ। দুই বছরের কম সাজা হতে পারে এমন মাদকসেবীদের পুলিশ গ্রেফতার করে সামারি আদালতে সোপর্দ করছে। তাদের সাজা দেওয়া হচ্ছে।
যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, মাদকের বিস্তার রোধে সরকার জিরো টলারেন্স ভূমিকায় আছে। আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। সেই হিসাবে বিজিবিকে আরও সতর্ক হওয়া জরুরি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও প্রতিবেশীকে বেশি সচেতন হতে হবে। সুস্থ সমাজ গঠনে সচেতনার বিকল্প নেই। সব কিছু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মাদকের ডিলারদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। মাদক বিক্রেতা ও সেবনকারীদের মোবাইল কোর্ট ও সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, মাদক নির্মূল শুধু আইন প্রয়োগ করে সম্ভব নয়। আমরা প্রথমত আইন প্রয়োগ করছি। দ্বিতীয়ত, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। ইমাম-মুয়াজ্জিনদের কাছে মাদকবিরোধী লিফলেট দিয়েছি। তাদের খুতবায় মাদকবিরোধী বয়ান দেওয়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সেশন চালু করেছি।

