ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট, সাপের কামড়ে যুবকের মৃত্যু
গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিষাক্ত সাপের কামড়ে গলাচিপা উপজেলা হাসপাতালে হাসান তালুকদার নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরের দিকে গলাচিপা উপজেলা হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছে।
হাসান তালুকদার (৩২) রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত জালাল তালুকদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসান তালুকদার বুধবার সকাল ১০টার দিকে নিজ এলাকার ধানখেতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। পরে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন হাসান তালুকদারকে গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় গলাচিপা উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা হাসান তালুকদারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা বলেন, হাসানকে সাপে কামড় দিয়েছে সকাল ১০টার দিকে। এখানে নিয়ে আসে দুপুর দেড়টার দিকে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তারা রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক দিয়েছেন। এতে রোগীর অবস্থার বেশি অবনতি হয়েছিল।
