রণজিতের গোপন সভার সেই রিসোর্টে পুলিশের তালা, আটক ৪
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকারের গোপন সভার আস্তানা ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বন্ধ করে দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের এই রিসোর্টে বুধবার ভোরে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় ২ জন রিসোর্ট কর্মীসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
সিলেট নগরের প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত সোয়াম ফরেস্টসংলগ্ন এই রিসোর্টটিতে সাবেক এমপি রণজিতের গোপন রাজনৈতিক কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছিল।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়লের নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নানা সরঞ্জাম ও আলামত জব্দের পর বুধবার ভোরে ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ নভেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জের রোকন মিয়া নামের এক আইনজীবীর নামে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়। এরপর সিলেটের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহেল স্কয়ার ইকো রিসোর্টে ওঠেন শিক্ষা সফরের কথা বলে। সেখানে প্রাথমিক পর্যায়ে খেলাধুলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করে রাত ৯টার দিকে পাল্টে যায় চিত্র। আকস্মিকভাবে সাবেক এমপি রণজিৎ সরকার উপস্থিত হলে শিক্ষা সফরের ব্যানার সরিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টাঙানো হয়। সেখানে তিনি প্রায় ৫ মিনিট দেশবিরোধী ও সরকারবিরোধী বক্তব্য দিয়ে চটজলদি প্রস্থান করেন। ওই সভার ৫ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওচিত্রটি ৯ নভেম্বর বিকাল ৪টা ৪৯ মিনিটে রণজিৎ সরকার তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। এরপর মধ্যরাতে সিলেটে অবস্থিত রণজিৎ সরকারের গোপালটিলার বাসভবনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়।
অন্যদিকে ভিডিওচিত্রে ব্যানার ধরে রাখা তাহিরপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ঘটনাস্থল শনাক্তের কথা নিশ্চিত করেন। পরবর্তীতে তারা মিয়াকে আদালতের আদেশে কারাগারে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার টাঙিয়ে রিসোর্ট ভাড়া নিয়ে এই গোপন সভার আয়োজন করা হয়েছিল। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সোহেল স্কয়ার ইকো রিসোর্টের মালিক সোহেল আহমদ ঘটনার পর থেকেই মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন।
