জামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরে জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার এলাকায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।
তবে এতে কার্যালয়ের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. আনোয়ার পারভেজ বলেন, রাত সাড়ে ১২টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বোতলে করে কেরোসিন নিয়ে কার্যালয়ের সামনে আসে। পরে সাঁটারের নিচের ফাঁকা জায়গা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়।
আশপাশের সড়কে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি জানিয়ে তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
তিনি বলেন, দুর্বৃত্তরা জামায়াতের ওয়ার্ড কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে কলাগাছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিল-পরবর্তী প্রতিবাদ সভায় জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন নেতারা। সভায় বক্তব্য দেন- বন্দর উপজেলা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আমীন।
অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত। বিজ্ঞপ্তিতে জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
