সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সম্প্রীতি নষ্টের প্রতিযোগিতা নয়, পারস্পরিক সহনশীলতা জরুরি। অথচ আমরা সম্প্রীতি অটুট রাখার পরিবর্তে তা নষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট বৌদ্ধবিহারে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, সিলেটের চিরায়ত সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুজনানন্দ থের, বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের, পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ বড়ুয়া, সদস্য সচিব সুজন বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, এনজয় বড়ুয়া প্রমুখ।
