পথচারী নারীকে বাঁচাতে গিয়ে বাসচাপায় পর্যটকের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসচাপায় আব্দুল মজিদ (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সহকর্মী নাইম উদ্দিন (৩২) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের সদর উপজেলার খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে একটি কোম্পানিতে কর্মরত আটজন সহকর্মী চারটি মোটরসাইকেলে করে জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন। পথে খাদিমপাড়া এলাকায় এক নারীকে সড়ক পার হতে দেখে তাকে রক্ষা করতে গিয়ে আব্দুল মজিদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয় এবং তার সহকর্মী নাইম উদ্দিন গুরুতর আহত হন।
নিহত আব্দুল মজিদ সিরাজগঞ্জ জেলার কাজিপুর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং আহত নাইম উদ্দিন রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে গাছ ফেলে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং গুরুতর আহত নাইম উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
