Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক মাসের অবরোধে অচল সাজেক, পর্যটন খাতে ক্ষতি ৫০ কোটি টাকা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

এক মাসের অবরোধে অচল সাজেক, পর্যটন খাতে ক্ষতি ৫০ কোটি টাকা

Advertisement

টানা এক মাসের বেশি সময় ধরে চলা সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক। ফলে স্থানীয় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে চরম স্থবিরতা নেমে এসেছে এবং কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এক মাস ধরে চলা এ অবরোধে পর্যটন খাতে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পর্যটক প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা ও যান চলাচলে বাধার কারণে সাজেকে অবস্থিত সব হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে পর্যটননির্ভর সব ধরনের ব্যবসা-বাণিজ্য। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক, গাড়িচালক, ট্যুরিস্ট গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ী। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ঋণের কিস্তি, কর্মচারীদের বেতন ও প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাবে, সাজেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় এক কোটি টাকার পর্যটন ব্যবসা হয়। পর্যটন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে টানা অবরোধে এ খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, অবরোধের প্রথম ১৪ দিনেই পর্যটন খাতে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল। এক মাসে ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ কোটি টাকায় পৌঁছেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণা দেববর্মণ জানান, শুধু কটেজ খাতেই স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ২০ লাখ টাকার ব্যবসা হয়।

পর্যটন বন্ধের নেতিবাচক প্রভাব শুধু ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ, কৃষিপণ্য পরিবহণ, শিক্ষা ও জরুরি চিকিৎসাসেবা নিয়েও চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রুইলুই ও কংলাক এলাকার দোকানপাটে বেচাকেনা তলানিতে ঠেকেছে।

সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে একাধিক বৈঠক ও উদ্যোগ নেওয়া হলেও এখনো কার্যকর সমাধান আসেনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, নতুন করে বৈঠকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধ প্রত্যাহার ও পর্যটন চালুর বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর টহল জোরদার রয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছেন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ সমাধান ছাড়া অবরোধ তুলে নেওয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন—এ দুটি সংগঠনের ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এর আগে ১১ ও ১৫ অক্টোবর অবরোধ পালনের পর দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি শিথিল করা হলেও ২২ অক্টোবর থেকে পুনরায় অবরোধ শুরু হয়। এর মধ্যে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অপর সংগঠনটি তা প্রত্যাখ্যান করায় কর্মসূচি চলমান রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম