পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের কানাইঘাটে সাদাপোশাকের পুলিশ সদস্যদের ‘চোর-ডাকাত’ বলে মব তৈরির মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারে বাধা ও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফসর হোসেন নামের স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বহিষ্কৃত আফসর হোসেন কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাতে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তের মুলাগুল বাজার এলাকায় অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগের কানাইঘাট উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ রানাকে গ্রেফতারে সাদাপোশাকে তিন পুলিশ সদস্য সেখানে যান।
অভিযোগ উঠেছে, অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ‘চোর-ডাকাত’ বলে ঘিরে ধরে একদল লোক। এ সময় মব তৈরি করে পুলিশি কাজে বাধা দিয়ে সাঈদ রানাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পেছনে বিএনপি নেতা আফসর হোসেনের ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার বিকালে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফসর হোসেনকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ রানার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। নভেম্বরে তিনি কানাইঘাটে দুটি মিছিলেও অংশ নিয়েছিলেন। তাকে গ্রেফতার করতেই পুলিশ ওই অভিযান চালিয়েছিল।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, রোববার রাতে মুলাগুল বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালালে বিএনপির ওই নেতা মব তৈরি করে তাকে ছাড়িয়ে নেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ বলেন, সাদাপোশাকে তিনজন পুলিশ সদস্য অভিযানে গেলে সংঘবদ্ধভাবে তাদের ‘চোর-ডাকাত’ বলে ঘিরে ধরে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। সোমবার সকালে এ ঘটনায় আফসর হোসেনের ইন্ধন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এছাড়া তার এক সৎভাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানা গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে আফসর হোসেন দাবি করেন, রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। পরে বাজারে গিয়ে জানতে পারেন চায়ের দোকানে ছাত্রলীগের কয়েকজন বসে ছিলেন এবং পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান। বাজারের লোকজন হইহুল্লোড় করলে তিনি পুলিশ সদস্যদের পরিচয় জেনে সবাইকে শান্ত করেন এবং চা খাইয়ে আন্তরিকতার সঙ্গে বিদায় দেন। কাউকে ছিনিয়ে নেওয়া বা কটু আচরণ করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
