গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়েছে।
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় মরকিটিলা নামক স্থান থেকে পাথর আনতে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরীণ স্থান থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টে স্থানীয় অন্যান্য শ্রমিকের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে সীমান্ত এলাকা থেকে পাথর আনতে গিয়ে শাহরিয়ার ও তার সহযোগীরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে তার সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এদিকে, শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য ভারতের ভেতরে ঢুকে গিয়েছিল। অবৈধভাবে ভারতের ভেতরে ঢোকার কারণে বিএসএফ তাকে আটক করেছে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

