প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে। শিক্ষকেরা যাতে তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।
মতবিনিময় সভায় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও সমস্যা তুলে ধরেন।
শিক্ষকদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রতিষ্ঠানভিত্তিক সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমের পরিধি বাড়াতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে তারা আনন্দের সঙ্গে অংশ নিতে পারে।
শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকেও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা যাবে না। শিক্ষার উন্নয়নে নেওয়া সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি প্রকৌশলী শফিকুর রহমান এবং বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলীসহ অন্য অতিথিরা।
