অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আবদুল আউয়াল মিন্টু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।
|
ফলো করুন |
|
|---|---|
দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছে। এ অবস্থায় অশান্তি সৃষ্টি করে সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা বরদাশত করা হবে না।
শনিবার (২১ নভেম্বর) বিকালে ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।
আবদুল আউয়াল মিন্টু বলেন, অতীতে একটি দল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ করেছে। নির্যাতন, মিথ্যা মামলা, বন্দি করা এবং নানা ধরনের জুলুমের কারণে জনগণের মধ্যে তাদের প্রতি ক্ষোভ রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দিনরাত দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে কাজ করছেন। সরকার দেশে কোনো বিশৃঙ্খলা চায় না; বরং জনগণের অধিকার নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।
ভবিষ্যতে কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বন ও পরিবেশমন্ত্রী।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

