|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে নগরীর সেনবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল ঘাটাইলের উত্তর লক্ষীন্দর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. মনির হোসেন (২৩), মো. জাকির হোসেনের ছেলে মো. জিল্লুর রহমান জনি (২৭), মো. রশিদ মিয়ার ছেলে মো. মজনু (২৬), বরিশাল মুলাদীর চরকালেখান গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ভালুকজান গ্রামের মো. রফিজ উদ্দিনের ছেলে মো. তানভীর আহম্মেদ (২৫), একই উপজেলার বাদিহাটি গ্রামের নীলু মন্ডলের ছেলে মো. নাঈম মন্ডল (২৪) ও ফুলপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. রাকিব (২০)।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কামরুল হাসান।
পুলিশ সুপার জানান, প্রতারক চক্র পারসোনাল ডটকম নামে একটি প্রোফাইল তৈরি করে দেশি-বিদেশি নাম্বারে বিভিন্ন নারীদের ছবি ব্যবহার করে মানুষকে প্রলুব্ধ করছিল। এভাবে নিরীহদের প্রতারণা করে সহজে অর্থ-উপার্জনের রাস্তা বেছে নিয়েছে চক্রটি। এই ফাঁদে পা দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতারিত হয়েছেন। এ চক্রের বিরুদ্ধে অনেকের অভিযোগের ভিত্তিতে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা-নিরীক্ষাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুরিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত বাক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও যা আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার। এসব অপরাধ ও অনলাইন প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ময়মনসিংহ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
