মসজিদের তার চুরির জেরে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৫
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের জমিদার বাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের নারীসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে মজিদপুর গ্রামের পোস্ট অফিস মোড়ে।
আহতরা হলেন- ফয়সাল (৩০), খলিল (৪৬), সামসুউদ্দিন (৫০), সিয়াম (২৫), শিরিনা আক্তার (৬০) ও সাকিব (২০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে এদের মধ্যে সামসুউদ্দিন, সিয়াম ও সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন কর্মরত চিকিৎসক।
মালয়েশিয়া প্রবাসী আহত মো. ফয়সাল অভিযোগ করে বলেন, জমিদার বাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার কয়েক দিন পরপরই নুরুজ্জামানের ছেলে সাকিব ও হক মিয়ার ছেলে চুরি করে নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়রা সমালোচনা করেন। এ সময় আমি সেলুনে চুল কাটা অবস্থায়- নুরুজ্জামান, হক মিয়া, সাকিবসহ তাদের লোকজন এসে আমাকে অতর্কিত মারধর শুরু করে। তখন আমার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমিসহ আমাদের চারজন আহত হয়েছেন। অন্য আহতরা হলেন- সামসুউদ্দিন, খলিল, সিয়াম ও শিরিনা আক্তার।
অপরপক্ষের আহত সাকিবের স্বজনরা অভিযোগ করে বলেন, সাকিব তাদের ইয়াবা বিক্রি না করায় তাকে মারধর করে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার মো. নাঈম বলেন, মারামারি করে এক নারীসহ ৫ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, মজিদপুর গ্রামে মারামারির ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি। বর্তমানে মজিদপুর গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
