সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
অভিযান চলাকালে ওই এলাকা থেকে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় গত ২৩ নভেম্বর সোমবার সকাল ৭টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দ করা বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।
জব্দ করা ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

