লালদিয়া কনটেইনার টার্মিনাল অগ্রগতি পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লালদিয়া কনটেইনার টার্মিনালের অগ্রগতি পরিদর্শন করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক স্টেট সেক্রেটারি মিজ এলসবেথ সন্ডারগার্ড ক্রোন। মঙ্গলবার সকালে পতেঙ্গার লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং মিজ এলসবেথ ক্রোনকে প্রকল্প সংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবগত করা হয়।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এপিএমটির সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনালটি দক্ষিণ এশিয়ার দ্রুতগতির গেটওয়ে ই-পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং আঞ্চলিক সমুদ্র বাণিজ্য আরও গতিশীল করবে। এ অঞ্চলে পরিবেশগত স্থায়িত্বের এক নতুন মানদণ্ড স্থাপন করে টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানিচালিত একটি ‘গ্রিন টার্মিনাল’ হিসেবে পরিচালিত হবে, যেখানে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া ড্যানিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অংশীদারিত্বে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প নির্মাণের এ উদ্যোগ টেকসই সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ডেনমার্কের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতিফলন। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে এর সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সফরকালে স্টেট সেক্রেটারি ক্রোনের সফরসঙ্গী ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মি. মিলান ক্রিস্টোফার ঝা। প্রতিনিধিদলটি প্রকল্প এলাকার বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং এই গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পের কৌশলগত মাইলফলকগুলো নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিডা।
