ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে প্রকাশ্য দিবালোকে মিলারের ২৬২ বস্তা চাল লুটের ঘটনায় দায়ের করা মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন।
আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করা হয়। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো আসামিরা হলেন- মো. আবুল হোসেন খান (৫০), বিলাল আহমদ (৪০), মোস্তফা উদ্দিন (৩৫), লোকমান মিয়া (৩৭), মইয়ব আলী (৪৫), নাজির আহমদ (৩০), ছলু মিয়া ওরফে আব্দুছ সালাম (৪২), আহমদ আলী বলাই ওরফে আলী আহমদ (২৮), হানাই মিয়া ওরফে আব্দুল হান্নান (৪০), হোছন মিয়া (৩৭), আব্দুল কাইয়ুম (৩৭), শামীম আহমদ (৩৭), আব্দুল বাছিত (৩০), নোমান উদ্দিন চৌধুরী (৪৫), মো. জামিল আহমদ (৩০), মো. আব্দুস শুকুর (৪৫), আ. মুমিন (৩০), মো. নিজাম উদ্দিন (৩৫), সুজন আহমদ (৩০), দেলোয়ার হোসেন (২৯), বিপ্লব আহমদ (২৮), রাহেল আহমদ (২৬), আব্দুর রহিম (৪৫) ও ইসলাম উদ্দিন (৩৬)।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে করোনাকালীন সরকারের তালিকাভুক্ত মিলার মেসার্স মেঘনা অটোরাইস মিলের ২৬২ বস্তা চাল লুটের অভিযোগ ওঠে আসামিদের বিরুদ্ধে। ওই সময় করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে খাদ্যসংকট ও আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতিতে চাল লুটের ঘটনায় মিলের মালিক শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। তদন্ত শেষে সংস্থাটি ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল মুকিত অপি বলেন, করোনাকালীন কঠিন সময়ে মানুষের খাদ্যসংকটের মধ্যে আসামিরা চাল লুটপাট করেন। ওই পরিস্থিতিতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
