নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
নাহিদ সরকার
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিওতে মন্তব্য করে অভিনন্দন জানানোয় এক ছাত্রদল নেতাকে ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সফিপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের সম্মুখভাগে কালিয়াকৈর পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি অমিত হাসান হিমেলসহ কয়েকজনকে দেখা যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করার দাবিসংবলিত ব্যানার নিয়ে তারা মিছিল করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে লাঠিসোটা দেখা যায়।
পরে মিছিলের ভিডিওটি অমিত হাসান হিমেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভিডিওটি শেয়ার করে মিছিলকারীদের শুভকামনা জানান। ওই ভিডিওর নিচে কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ সরকার ‘দোয়া ও ভালোবাসা অবিরাম আপনার জন্য’ লিখে মন্তব্য করেন।
বিষয়টি জানাজানি হলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা নাহিদ সরকার দাবি করেন, তার মোবাইল ফোন থেকে অন্য কেউ ওই মন্তব্যটি করেছেন।
কালিয়াকৈর পৌর ছাত্রদলের আহ্বায়ক ও গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ নিয়ে তদন্ত চলছে। দ্রুতই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
